রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং সম্মান করা ওয়াজিব। প্রত্যেক বান্দার ওপর সর্বপ্রথম ওয়াজিব হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা। এটা সবচেয়ে বড় ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেনঃ
﴿وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ﴾
আর যারা মুমিন তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে।
সূরা আল-বাকারা ২:১৬৫
কারণ, আল্লাহ তাআলা হলেন এমন রব, যিনি তাঁর বান্দাদের ওপর প্রকাশ্য-অপ্রকাশ্য সকল প্রকার নিয়ামত দিয়ে অনুগ্রহ করেছেন। আল্লাহর ভালোবাসার পর তাঁর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা আবশ্যক।
কারণ, তিনিই মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন, আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরেছেন, তাঁর শরীয়াতকে সকলের নিকটে পৌঁছিয়ে দিয়ে দীনের বিধিবিধান সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন।
ফলে দুনিয়া ও আখিরাতের যে সকল কল্যাণ মুমিনগণ অর্জন করেছেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাধ্যমেই সম্ভব হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনুগত্য ও অনুসরণ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।